খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের নেতা নিহত, একদিনে ৭ স্থানে গোলাগুলিতে আতঙ্ক

0
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের নেতা নিহত, একদিনে ৭ স্থানে গোলাগুলিতে আতঙ্ক

খুলনা প্রতিনিধিঃ খুলনা নগরীর দৌলতপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম শেখ (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানার কল্পতরু মার্কেটের পূর্ব পাশের সড়কে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম শেখ দৌলতপুরের উত্তর দেয়ানা এলাকার শেখ মোহাম্মদ আলীর ছেলে। তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং পাশাপাশি ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। রাজনীতির বাইরে তিনি ঠিকাদারি ও মাছের ঘেরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কল্পতরু মার্কেট এলাকায় অবস্থান করছিলেন আব্দুল হালিম। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথা ও বুক লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কক্সবাজারে গুলিতে নিহত খুলনার সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আব্দুল হালিম। টিপু হত্যাকাণ্ডের পর থেকে হালিমকে এলাকায় খুব একটা প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যেত না।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের দিকে কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হালিম শেখ নিহত হয়েছেন। তার মাথা ও বুকে গুলির চিহ্ন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় জানান, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয়, পূর্বশত্রুতা নাকি ঘের ও ঠিকাদারি ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক দল কাজ শুরু করেছে।

এদিকে, হালিম শেখ হত্যাকাণ্ডের দিনই খুলনা নগরী ও আশপাশের অন্তত সাতটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত সদর থানা এলাকা, লবণচরা, সোনাডাঙ্গার মজিদ সরণির একটি রেস্টুরেন্ট, আড়ংঘাটা এবং খানজাহান আলী থানার সোনালী জুট মিলের সামনে ফাঁকা ও লক্ষ্যভ্রষ্ট গুলি ছোড়ে দুর্বৃত্তরা। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদিনে এতগুলো গোলাগুলির ঘটনায় পুরো খুলনা নগরজুড়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।