চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একাধিক দোকানপাট ভাঙচুর করা হলেও পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে দফায় দফায় এই উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। লকডাউন ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রোববার সকাল থেকেও আনোয়ারার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর আনোয়ারার বৈরাগ, বারশত, বারখাইন, বটতলী, রায়পুর ও হাইলধরসহ মোট ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে মশাল মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এসব মিছিলে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীদের একটি অংশও সক্রিয়ভাবে যুক্ত ছিল। মিছিলের বেশ কিছু খণ্ডচিত্র ও ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, মশাল মিছিলের খবর ছড়িয়ে পড়ার পরপরই উপজেলার বিভিন্ন এলাকায় পাল্টা মিছিল ও অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।
সন্ধ্যার পর হাইলধর ইউনিয়নে মশাল মিছিলকারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে আশপাশের কয়েকটি দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
এছাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলীর হাট এবং বরুমছড়া ইউনিয়নের ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায়ও আওয়ামী লীগের একাধিক মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের পাল্টা শোডাউন দেখা যায়।
সংঘর্ষ ও ভাঙচুরের খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সংঘর্ষে জড়িতরা ছত্রভঙ্গ হয়ে যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন; এর জেরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বলেন, “নাশকতার চেষ্টার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

