শের-ই-বাংলায় নৌবাহিনীর ৪৬৭ নবীন নাবিক শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

0
শের-ই-বাংলায় নৌবাহিনীর ৪৬৭ নবীন নাবিক শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

কলাপাড়া প্রতিনিধিঃ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে যুক্ত হলো বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক। দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ ও অধ্যবসায়ের সফল সমাপ্তি শেষে রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বি-২০২৬ ব্যাচের বুটক্যাম্প প্রশিক্ষণ।

এ কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মোঃ সেজান মাহমুদ পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করে। এছাড়াও, মোঃ মুজাহিদুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মোঃ শাকিল হাসান তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করে। এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর ভাষণে, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেঃ কমান্ডার মোয়াজ্জম হোসেন সহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে এই নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। নৌপ্রধান দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্র বন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির শুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি এ ঘাঁটি সুযোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবে কাজ করছে বলে উল্লেখ করেন।

প্রাণবন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার মহান ও পবিত্র দায়িত্ব পালনে পেশাগত জীবনে পদার্পণ করায় নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের একজন যোগ, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় তিনি সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।

মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।