
বাংলাদেশ প্রতিবেদকঃ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়ে যাওয়ায় বিপুল অঙ্কের অর্থ ব্যয় করতে গিয়ে দেশের অর্থনীতিতে রীতিমতো ‘রক্তক্ষরণ’ হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করেছেন, সরকার এখন অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফেরানোর পর্যায়ে রয়েছে এবং এই বাস্তবতায় আগামী কিছুদিন মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো’ শীর্ষক কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈশ্বিক বাজারের অস্থিরতা কীভাবে দেশের কোষাগার ও সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে, তা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার থেকে দুই-তিন গুণ বেশি দামে তেল ও গ্যাস কিনতে গিয়ে সরকারি অর্থের ওপর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে এবং প্রতিদিনই নতুন নতুন সংকট সামাল দিতে হচ্ছে।
তিনি আরও ব্যাখ্যা করেন, জ্বালানির উচ্চমূল্যের প্রভাব সার ও পরিবহন ব্যয়সহ অন্যান্য পণ্যে পড়ছে, যার ফলে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশকে। এই ধরনের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের হাত অনেকটাই সীমিত, তবে অভ্যন্তরীণ খাদ্য মূল্যস্ফীতি আরও কমিয়ে আনতে সরকার কাজ করছে।
অর্থমন্ত্রীর মতে, সরকারের প্রথম বছরটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা অর্জনের জন্য বিশেষভাবে কঠিন। এ সময় উচ্চ প্রবৃদ্ধির চেয়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাই প্রধান অগ্রাধিকার। তবে চতুর্থ ও পঞ্চম বছরে গিয়ে অর্থনীতিকে অবশ্যই পুরোদমে ঘুরে দাঁড়ানোর পর্যায়ে নিয়ে যেতে হবে।
দেশের আর্থিক খাতের ভঙ্গুর অবস্থার কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যাংক খাত পুরোপুরি স্থিতিশীল হতে আগামী বছর পর্যন্ত সময় লাগবে এবং তখন আমানতকারী গ্রাহকরা তাদের অর্থ ফিরে পাবেন। পাশাপাশি পুঁজিবাজারের অতীত চিত্রের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, এতদিন দেশে কোনো কার্যকর পুঁজিবাজার ছিল না, বরং তা ছিল এক ধরনের ‘ক্যাসিনো’—যা সংস্কার করে প্রকৃত বিনিয়োগবান্ধব বাজারে রূপান্তর করা হচ্ছে।
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ধরনে আমূল পরিবর্তনের ঘোষণা দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো যথাসময়ে বাস্তবায়ন করা হবে। ভবিষ্যতে যেকোনো সরকারি প্রকল্প অনুমোদন ও পরিকল্পনার ক্ষেত্রে কেবল অবকাঠামো নির্মাণকে গুরুত্ব না দিয়ে তিনটি বিষয় কঠোরভাবে যাচাই করা হবে, প্রকল্পটি অর্থনৈতিকভাবে কতটা লাভজনক ও টেকসই। প্রকল্পটির মাধ্যমে কী পরিমাণ নতুন কর্মসংস্থান তৈরি হবে। উন্নয়ন কাজের ফলে পরিবেশ ও প্রতিবেশের কোনো ক্ষতি হচ্ছে কি না।
