চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে। সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার সময় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে , ‘ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১’ নম্বরের একটি ট্রাকে গাঁজা বহন করে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে শিবগঞ্জের দিকে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে এসআই মোঃ সোহায়বুর রহমান, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ সামিউর রহমান ও এএসআই মোঃ আমিনুল ইসলাম লালাপাড়া মোড়ে চেকপোস্ট বসান।
রাত ১০টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টের সামনে এলে থামার সংকেত দিলে চালক ও হেলপার কৌশলে ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করে পিছনের পাটাতনের উপর নীল পলিথিনে ঢাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে চার কেজি করে মোট ৪০ কেজি গাঁজা পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

