রংপুর প্রতিনিধিঃ রংপুর নগরীতে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ ৬ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলো, দিনাজপুর হাকিমপুর উপজেলার মধ্যম বাসুদেবপুর গ্রামের মজিবুর রহমানের মেয়ে গয়না বেওয়া (৪০), বড় ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ সুমনের স্ত্রী শাহনাজ আক্তার স্বপ্না (২৪), আব্দুল মামুনের স্ত্রী তহমিনা (২৬), বয়েন উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (৬০), নুর ইসলামের ছেলে সিএনজি চালক মোঃ সাকিব (২২) ও দক্ষিণ বাসুদেবপুর এলাকার হাসান আলীর ছেলে আলমগীর হাসান (২৫)।
শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর দর্শনা মোড় থেকে লালবাগগামী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দর্শনা মোড় থেকে লালবাগগামী সড়কে সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশী করে র্যাব। এ সময় সিএনজি’র ভেতরে কৌশলে রাখা ৩১৪ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।

