হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

0
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।’

এর আগে বিকেলে হাদির ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তি দেয় (ডিএমপি)।

এতে বলা হয়, ঘটনার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে।

এই ঘটনায় নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করে ডিএমপি।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে পুলিশ খুঁজছে তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায় বলে জানা গেছে।

পুলিশের পিসিআর (PCR) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফয়সাল করিম মাসুদের স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার বাবা হুমায়ুন কবির। তবে বর্তমানে তিনি ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটি এলাকায় বসবাস করতেন।

আদাবর থানায় তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে বলে জানা গেছে। ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্টসংক্রান্ত তথ্য ও ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় সংঘটিত ওই ঘটনায় তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভিযুক্তের বাড়ি বাউফলে এ তথ্য প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে পুরো ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।