শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নে চরাচিতুলিয়া গ্রামে ফকির গোষ্ঠী ও সরকার গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজগঞ্জ ও পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে শিশুদের মধ্যে ঝগড়ার জের ধরে রবিবার (১১ই জানুয়ারি) সকাল ১০ টায় ওই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ হাসুয়া , লোহার রড , ফালা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় এক গ্রুপ আরেক গ্রুপের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০/১২ টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এক পর্যায়ে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১০ জানুয়ারি) রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ছেলে নিরব (১৩) ও ইউসুফ ফকিরের ছেলে শিমুলের (১৫) মধ্যে বাক বিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে।
ওই মারপিটের ঘটনাকে কেন্দ্র করে পরদিন একই গ্রামের জিয়ারুল ফকির ও মাহফুজ সরকার গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার, আরিফ সরকার এবং ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন, রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানান উভয় পক্ষের নেতৃবৃন্দের কাছ থেকে পুনরায় মারামারি করবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

