স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: অস্ত্রসহ আরও এক শুটার গ্রেফতার

0
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: অস্ত্রসহ আরও এক শুটার গ্রেফতার

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বির (৪৪) হত্যাকাণ্ডের ঘটনায় রহিম নামের আরও এক শুটারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাকে কব্জায় নেওয়া হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত রহিমের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ডিবির অভিযান এখনও অব্যাহত রয়েছে।

গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তেজতুরী পাড়ার হোটেল সুপার স্টারের পাশের গলিতে অতর্কিত হামলার শিকার হন মুসাব্বির। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে মুসাব্বির ও সুফিয়ান বেপারী মাসুদ (৪০) নামের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত মাসুদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই হত্যাকাণ্ডের পরদিন ৮ জানুয়ারি নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ও ডিবি ছায়া তদন্ত শুরু করার পর একের পর এক সাফল্য আসতে থাকে।

ইতিপূর্বে এই মামলায় জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮), মো. রিয়াজ (৩২) ও বিল্লাল নামে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। আজ নরসিংদী থেকে গ্রেফতার হওয়া রহিম এই হত্যাকাণ্ডের সরাসরি ‘শুটার’ হিসেবে কাজ করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, এই খুনের নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী এবং মোটিভ সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।