
বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর মধ্য বাড্ডার বেপারিপাড়া এলাকায় এক বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অন্যতম প্রধান সহযোগী মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। গতকাল শুক্রবার দীপুর নিজস্ব বাসভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, মেহেদী হাসানের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে: ১১টি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র। ১টি ২২ উজি মেশিনগান রাইফেল। ৩৯৪ রাউন্ড গুলি ও ৩২টি কার্তুজ। ৮টি পিস্তল ম্যাগাজিন ও ২টি উজি রাইফেল ম্যাগাজিন। ৩টি চায়নিজ কুড়াল ও ১টি টাইগার হান্টিং কমান্ডো চাকু। ২টি ওয়াকিটকি ও একটি ল্যাপটপ।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ বর্তমানে কারাগারে থাকলেও তাদের হয়ে রাজধানীর রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকার অপরাধজগত নিয়ন্ত্রণ করতেন এই দীপু।

৫ আগস্টের পর সুব্রত বাইন প্রকাশ্যে এলে প্রতিবেশী দেশ থেকে আনা বিপুল অস্ত্র দীপু ও মধু বাবুর জিম্মায় রাখা হয়। মেরুল বাড্ডার মাছের আড়ত থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা তোলা, গাড়ির শোরুম, পোশাক কারখানা এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করাই ছিল দীপুর প্রধান কাজ। এছাড়া দীপু ও তার সহযোগীরা ‘ভাড়াটে খুনি’ হিসেবে কাজ করার পাশাপাশি অন্য সন্ত্রাসীদের কাছে অস্ত্র ভাড়ায় দিতেন বলেও ডিবি সূত্রে জানা গেছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে সুব্রত বাইন কুমিল্লার কারাগারে বন্দি থাকলেও তার নেটওয়ার্ক সক্রিয় ছিল। সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন কারাগারে বাবার সাথে দেখা করে দীপু ও মধু বাবুদের কাছে বিভিন্ন অপরাধমূলক দিকনির্দেশনা বা বার্তা পৌঁছে দিতেন। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় খাদিজাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ।
বাড্ডা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, দীপুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ ধারণা করছে, দীপুর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালালে সুব্রত বাইনের আরেক সহযোগী মধু বাবুর কাছে থাকা আরও ১৩-১৪টি অস্ত্রের সন্ধান পাওয়া যেতে পারে।
