কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্য গুলি: হাসপাতালে প্রাণ হারালেন যুবক রাকিব

0
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্য গুলি: হাসপাতালে প্রাণ হারালেন যুবক রাকিব

বাংলাদেশ প্রতিবেদকঃ রোববার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা যখন সাধারণ মানুষের আনাগোনায় মুখর ছিল, তখনই হঠাৎ এক যুবক পিস্তল বের করে অন্তত চার রাউন্ড গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রাকিবুল ইসলাম নামক ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারী কেবল গুলি করেই ক্ষান্ত হয়নি, ধারালো অস্ত্র দিয়ে রাকিবের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়।

রক্তাক্ত অবস্থায় রাকিবকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রায় এক পর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলার পরপরই উপস্থিত পথচারীরা ধাওয়া করে এক যুবককে ধরে ফেলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল টিম অভিযুক্তকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, “ঘটনার খবর পেয়েই আমাদের টিম একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত বা অভিযুক্ত কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তারা দুজনেই বহিরাগত। বর্তমানে শাহবাগ থানা পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।”

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, নিহত রাকিবের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে—পুরোনো শত্রুতা নাকি তাৎক্ষণিক কোনো বিরোধ—তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।