কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবদল নেতাকে কুপিয়ে ও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয়রা আহত যুবদল নেতা বশার খান (৪২)কে উদ্ধার করে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহত যুবদল নেতা বশার চাকামইয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যুবদল সম্পাদক এবং তার পিতার নাম মৃত কালু খান।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবদল নেতা বশার। পথিমধ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথার উপরিভাগে কোপ দেয়। এতে তার মাথার তালু সহ হাড় কেটে গুরুতর জখম হয়। এ সময় সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে এবং ডান পায়ের হাঁটুর নিচে লোহার রড দ্বারা পিটিয়ে পা গুড়িয়ে দেয়। তার আর্ত চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
সূত্রটি আরও জানায়, দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক বিরোধের জেরে যুবদল নেতা বশারের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
তবে বসারের স্ত্রী জায়েদার দাবী, ক’দিন আগে স্থানীয় কাওসার মৃধা ও জাকির মৃধার সাথে তার স্বামীর জমি জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, রোগীর অবস্থা শঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল প্রেরণ করা হয়েছে। তার মাথার উপরিভাগে ধারালো অস্ত্রের আঘাত সহ ডান পায়ের নিচের অংশে হাড়ভাঙ্গা জখম রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্হা নেয়া হবে ।

