যাত্রাবাড়ীতে ‘হানি ট্র্যাপ’: আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে ব্যবসায়ীর লাখ লাখ টাকা লুট, গ্রেপ্তার ২

0
যাত্রাবাড়ীতে ‘হানি ট্র্যাপ’: আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে ব্যবসায়ীর লাখ লাখ টাকা লুট, গ্রেপ্তার ২

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর যাত্রাবাড়ীতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর শনিরআখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আ. গাফ্ফার সরকার (৪৫) এবং চক্রের মূল নারী সদস্য শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) পূর্ব পরিচয়ের সূত্র ধরে শিরিন আক্তার ওরফে সুমাইয়া ওই ব্যবসায়ীকে দেখা করার কথা বলে শনিরআখড়া এলাকায় ডেকে নেন। এরপর কৌশলে তাকে গোবিন্দপুর এলাকার নূর মসজিদ সংলগ্ন একটি বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখানে আগে থেকেই ওত পেতে ছিল গাফ্ফারসহ চক্রের অন্যান্য সদস্যরা। তারা ভুক্তভোগী ব্যবসায়ীকে আটকে রেখে এলোপাথাড়ি মারধর ও প্রাণনাশের ভয় দেখানো হয়। জোরপূর্বক আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে মোট ২ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটিকে শনাক্ত করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বিত্তবানদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে আসছিল। আমরা মূল দুই হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। চক্রের বাকি সদস্যদের ধরতে এবং অবশিষ্ট টাকা উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ সাধারণ মানুষকে অপরিচিত বা স্বল্প পরিচিত কারো ডাকে নির্জন স্থানে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।