হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে ট্রাক ও ট্যাংকলরি থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে ৪ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের কালীগাছতলা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় অভিযুক্তদের কাছ থেকে চাঁদা আদায়ের বিপুল পরিমাণ রশিদ বই এবং নগদ ২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের বিভিন্ন প্রবেশমুখ ও বাইপাস সড়কে ‘জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন’-এর নামে একটি চক্র বেপরোয়া চাঁদাবাজি চালিয়ে আসছিল। সাধারণ চালকদের অভিযোগ, শ্রমিক কল্যাণের দোহাই দিয়ে প্রতিটি গাড়ি থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করা হতো। চাঁদা না দিলে চালকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটত নিয়মিত।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কালীগাছতলা এলাকায় অবস্থান নেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল। গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের সময় চারজনকে ঘিরে ফেলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সদর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
আটকের খবরে স্বস্তি প্রকাশ করে চালকরা জানান, সড়কে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বা পুলিশের সামনেই এই চক্রটি দাপটের সঙ্গে টাকা তুলত। এতে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাচ্ছিল এবং তারা সবসময় আতঙ্কে থাকতেন।
আটককৃতরা দাবি করেছেন, তারা কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং ‘শ্রমিক ইউনিয়নের’ সাংগঠনিক কাজ ও অসুস্থ শ্রমিকদের সাহায্যের নাম করে এই টাকা তুলছিলেন। তবে এই উত্তোলনের কোনো বৈধ আইনি ভিত্তি দেখাতে পারেননি তারা।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শহরের গুরুত্বপূর্ণ বাইপাস সড়কগুলোতে চাঁদাবাজি বন্ধে এমন অভিযান নিয়মিত চলবে বলে সেনা সূত্রের বরাতে জানা গেছে।

