পাওনা টাকা নিয়ে বিরোধ: যাত্রাবাড়ীতে একই পরিবারের ৪ জনকে কোপালো ঠিকাদার, কলেজছাত্রী নিহত

0
পাওনা টাকা নিয়ে বিরোধ: যাত্রাবাড়ীতে একই পরিবারের ৪ জনকে কোপালো ঠিকাদার, কলেজছাত্রী নিহত

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনা টাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক ঠিকাদারের এলোপাথাড়ি ছুরিকাঘাতে একই পরিবারের চার সদস্য গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে দিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। হামলায় দিয়ার মা মৌসুমী আক্তারের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে যাত্রাবাড়ী থানার কাজলা-ভাঙ্গা প্রেস এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবু মুসা নামে এক ঠিকাদার ওই এলাকার বাসিন্দা নবীউল্লাহর কাছে টাকা পাওনা ছিলেন। ভোরে সেই টাকা আদায়ের জন্য নবীউল্লাহর বাসায় যান মুসা।

টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে: প্রথমে নবীউল্লাহ উত্তেজিত হয়ে আবু মুসাকে কুপিয়ে জখম করেন। পাল্টা আক্রমণে আবু মুসা বেপরোয়া হয়ে ওঠেন। তিনি নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে তার বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন।

মাকে বাঁচাতে বড় মেয়ে কলেজছাত্রী দিয়া আক্তার এগিয়ে এলে তাকেও এলোপাথাড়ি কোপানো হয়। এরপর ছোট মেয়ে জয়া ও ছেলে মুয়াজকেও কুপিয়ে জখম করেন অভিযুক্ত মুসা।

আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

বাকি তিনজন বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত ঠিকাদার আবু মুসাও আহত অবস্থায় পুলিশি পাহারায় একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।”

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যাত্রাবাড়ী থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।