শাহজাদপুরে ৩ ছাত্রীকে হাত – পা বেঁধে ধর্ষণের অভিযোগ : থানায় মামলা

0
শাহজাদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ : থানায় মামলা

শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বাড়াবিল মহল্লার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে একই মহল্লার কলেজ পড়ুয়া ও বিবাহিত সজীব হোসেনের বিরুদ্ধে। অভিযুক্ত সজীব গ্রামের হাফেজ আবদুল হাইয়ের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার (২৬ এপ্রিল) শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে অভিযুক্ত সজীব আম দেওয়ার কথা বলে চতুর্থ শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে যায়।এ সময় বাড়িতে সজীবের স্ত্রী ও অন্য কেউ না থাকার সুযোগে কৌশলে তাদের ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে হাত-পা বেধে ৩ শিশুকেই বিবস্ত্র করে যৌন নিপিড়ন চালায় এবং এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর সজীব ওই তিন শিশু শিক্ষার্থীকে ৩ শত টাকা দিয়ে ঘটনাটি গোপন রাখার জন্য বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। কিন্তু ওই ৩ শিশু শিক্ষার্থী টাকা না নিয়ে সজীবের বাড়ি থেকে বেরিয়ে এসে ঘটনাটি তাদের স্বজনদের জানায়। এক পর্যায়ে ধর্ষণের শিকার শিক্ষার্থীর দাদা এলাকার প্রধানদের শরণাপন্ন হন এবং উপযুক্ত বিচার প্রার্থনা করেন। এ ঘটনায় এলাকার প্রধানবর্গ গতকাল রোববার শালিস বৈঠকের আয়োজন করেন। কিন্তু অভিযুক্ত সজীব এবং তার বাবা হাফেজ আব্দুল হাই ওই শালিসে উপস্থিত না হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে শালিস বৈঠক পণ্ড হয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

এদিকে অভিযুক্ত সজীবের বাবা হাফেজ আব্দুল হাই তার ছেলের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে দাবি করেন , ষড়যন্ত্রমূলকভাবে তার ছেলেকে ফাঁসানো হয়েছে।

অপরদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান , ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।