মিরপুরে গোসলখানা ও পানির পাম্প নির্মাণ ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ: গুলি ও ককটেল বিস্ফোরণ

0
মিরপুরে গোসলখানা ও পানির পাম্প নির্মাণ ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ: গুলি ও ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের পল্লবী সেকশন-১১-এর তালাব বিহারি ক্যাম্পে একটি মৃতদেহের গোসল ঘর এবং তাতে পানির পাম্প বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থিত দুই পক্ষের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। ধাওয়া-পাল্টা ধাওয়া, একাধিক ককটেল বিস্ফোরণ এবং অন্তত ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর পল্লবীর ১১ নম্বর ব্লকের তালাব ক্যাম্পের সামনে এ সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ক্যাম্পে মৃতদেহ গোসল করানোর ঘর ও পানির পাম্প নির্মাণের কাজ শুরু করেন স্থানীয় জামায়াত কর্মীরা। তবে বিএনপির সমর্থক ও বিহারি নেতৃবৃন্দ এতে বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে একপক্ষে স্থানীয় জামায়াত কর্মী মানিক ও সুমনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন এবং অপর পক্ষে বিএনপিপন্থী ছাত্রদলের আহ্বায়ক সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী মুখোমুখি অবস্থানে জড়ান।

সংঘর্ষ চলাকালে এলাকায় একাধিক ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পুলিশ জানায়, উভয় পক্ষের মধ্য থেকে অন্তত ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, পানির পাম্প বসানো ও গোসলখানা নির্মাণ নিয়ে বিহারি বাসিন্দাদের অভ্যন্তরীণ কোন্দল থেকেই রাজনীতির রূপ নিয়ে এ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঢিল মারামারির ঘটনা ঘটলেও বড় ধরনের হতাহতের কোনো খবর এখনও মেলেনি।

ঘটনার পর পরই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।