সরাইলে বিয়ের অনুষ্ঠানে ডেকে এনে নৌকায় ২ নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

0
সরাইলে বিয়ের অনুষ্ঠানে ডেকে এনে নৌকায় ২ নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে এনে তিতাস নদের মাঝে দুই নারী নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের নৃশংস ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক তরুণী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত শান্ত বিশ্বাস (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ ও ঘটনার বিবরণ থেকে জানা যায়, কুমিল্লার চান্দিনা উপজেলার এক তরুণ নৃত্যশিল্পীর (১৯) সঙ্গে মুঠোফোনে সরাইলের শাহবাজপুর গ্রামের রাকিব মিয়া (২২) নামের এক যুবক যোগাযোগ করেন। স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য তিন শিল্পীর সঙ্গে ৯ হাজার টাকায় চুক্তি করা হয়। অগ্রিম হিসেবে বিকাশ বা নগদ অ্যাকাউন্টে দুই হাজার টাকাও পাঠায় অভিযুক্ত রাকিব।

চুক্তিমতো বৃহস্পতিবার বিকেল সাড় ৩টার দিকে চান্দিনা থেকে ওই তরুণ, ১৬ বছরের এক কিশোরী ও ১৯ বছরের এক তরুণীকে নিয়ে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় তাঁদের শাহবাজপুর সেতু এলাকায় নেওয়া হয়। সেতু এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে তিনজনকে তিতাস নদের শাহবাজপুর অংশের দিকে নিয়ে যাওয়া হয়। নদের মাঝপথে পৌঁছাতেই পাঁচ যুবক হঠাৎ নৌকার ইঞ্জিন বন্ধ করে দেয়।

পুরুষ শিল্পীটিকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে দুই নারী শিল্পীকে টানা দুই ঘণ্টা (বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা) দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

পাশবিক নির্যাতনের পর রাত ৮টার দিকে পাশের নাসিরনগর উপজেলার ভূঁইয়ার ঘাট এলাকায় কাদাপানির মধ্যে ভুক্তভোগীদের ফেলে দিয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ জানালে পুলিশ দ্রুত অভিযানে নামে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বুড্ডা গ্রামে অভিযান চালিয়ে আসামি শান্ত বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার জানান, বাকি চার আসামির পরিচয় শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।