সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

0
সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু- প্রতিকি ছবি।

জয়নাল আবেদীন্: রংপুরে সড়ক দূর্ঘটনায় মোছাঃ কুলসুম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে তারাগঞ্জ উপজেলার বৈরাতি ব্রীজ এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত কুলসুম লালমনিরহাট আদিতমারী উপজেলার দূর্গাপুর দক্ষিণ গোবধা এলাকার মোগর আলীর মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন, তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার ভোরে রংপুর-সৈয়দপুর মহাসড়কে চলাচলের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মারা যান কুলসুম। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারসহ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। পরে সিআইডি’র ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম তারাগঞ্জ হাইওয়ে থানায় এসে তথ্য প্রযুক্তির মাধ্যমে কুলসুমের নাম-পরিচয় নিশ্চিত করে। কুলসুম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পুলিশকে জানিয়েছে স্থানীয়রা।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনের বিধান মতে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এরপর লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।