ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের এলেঙ্গাতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ‘জুলাই যোদ্ধাকে’ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বৃষ্টি হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)। পুলিশ জানিয়েছে, তারা দুজনই ‘জুলাই যোদ্ধা’ এবং উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় হাছান আলী ও মাহমুদুল হাসানের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। বিভিন্ন সময় ওই পরিচয়ের প্রভাব খাটিয়ে প্রশাসনকেও চাপে রাখার চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকা থেকে দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বুধবার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা ভূঞাপুরের গাবসারা থেকে ইয়াবা নিয়ে এলেঙ্গায় বিক্রির উদ্দ্যেশ্যে কাস্টমারের জন্য অপেক্ষা করছিলেন।
এদিকে বুধবার বিশেষ সভা করে গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়।

