সিলেট প্রতিনিধিঃ আন্তর্জাতিক বাজার থেকে চড়া মূল্যে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হলেও তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।
সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানির যৌক্তিকতা ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন নিরবচ্ছিন্ন রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে। জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়ন ও সংরক্ষণ সুবিধা সম্প্রসারণে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এলএনজি আমদানি সক্ষমতা বাড়াতে দ্রুতই নতুন টার্মিনাল নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করবে জ্বালানি মন্ত্রণালয়।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দামের তুলনা করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “ভারত, নেপাল এমনকি পাকিস্তানের বাজারেও জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি। তাই বর্তমানে যে ব্যয় বাড়ছে, তা অভ্যন্তরীণ মূল্যস্ফীতিতে বাড়তি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।”
তিনি আরও যোগ করেন, বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতে প্রায়ই চাপের সৃষ্টি হয়। এই সংকট মোকাবিলায় সরকার অগ্রাধিকার ভিত্তিতে স্টোরেজ বা সংরক্ষণ সুবিধা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
এদিন বাসিয়া খালের সংস্কার কাজ পরিদর্শন করেন মন্ত্রী। তিনি জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খালের খননকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এই খনন প্রকল্পের মাধ্যমে এলাকার পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা দূরীকরণে বড় ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ পানিসম্পদ প্রতিমন্ত্রী। এমরান আহমেদ চৌধুরী সংসদ সদস্য, সিলেট-৬। মো. সারওয়ার আলম জেলা প্রশাসক, সিলেট। এছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

