অর্থনীতিতে ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

0
অর্থনীতিতে ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের প্রান্তিক ও অনানুষ্ঠানিক খাতের মানুষকে মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, কেবল রাজনীতিতে নয়, বরং অর্থনীতির প্রতিটি স্তরে ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চায় বর্তমান সরকার।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘রেইজ’ (RAISE) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “যারা এখনো অর্থনীতির মূল স্রোতের বাইরে রয়েছেন, তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। দেশের অর্থনীতির গণতন্ত্রীকরণ প্রয়োজন, যাতে সাধারণ মানুষের অর্থনৈতিক অধিকার সুরক্ষিত থাকে।” তিনি আরও জানান, সরকারি প্রকল্প বাস্তবায়নে কঠোর মানদণ্ড অনুসরণ করা হবে এবং পিকেএসএফ-এর মতো সফল প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণে সরকার সব ধরনের সহযোগিতা করবে।

নারীদের অর্থনৈতিক সক্ষমতার প্রশংসা করে মন্ত্রী বলেন গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়াতে ও পরিবারগুলোকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীরা পরিবারের সঞ্চয় ও ব্যবস্থাপনায় দক্ষ হওয়ায় তাদের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে। কৃষকদের সরাসরি আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তনের আশা প্রকাশ করেন তিনি।

দেশের স্বাস্থ্যসেবার উচ্চব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী একে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমাদের স্বাস্থ্যসেবার ব্যয় আফগানিস্তানের চেয়েও বেশি। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে, যাতে সাধারণ মানুষ এসব সেবা হাতের নাগালে পায়।”

বাংলাদেশের সাংস্কৃতিক ও হস্তশিল্প পণ্যের আন্তর্জাতিক বাজার ধরতে না পারার ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন কেবল পণ্যের মান নয়, আধুনিক ডিজাইন এবং আন্তর্জাতিক মানের মার্কেটিং ছাড়া বিশ্ববাজার ধরা সম্ভব নয়। ঐতিহ্যবাহী শীতলপাটিসহ বিভিন্ন হস্তশিল্পের বড় সম্ভাবনা থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে আমরা পিছিয়ে আছি। এশিয়ার অন্যান্য দেশ অ্যামাজনের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকে দ্রুত এই ডিজিটাল বাজারে প্রবেশ করতে হবে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের মিউজিক, থিয়েটার এবং খেলাধুলাকেও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে বিবেচনা করার তাগিদ দেন। তিনি বলেন, “খেলাধুলা এখন কেবল বিনোদন নয়, এটি একটি বড় অর্থনৈতিক কর্মকাণ্ড যা জিডিপিতে অবদান রাখতে পারে। দেশের অবশিষ্ঠ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক সুবিধা কাজে লাগাতে এসব খাতে বিনিয়োগ বাড়ানো অপরিহার্য।”

অর্থমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, স্বাস্থ্য ব্যয় হ্রাস এবং সাংস্কৃতিক ও ক্রীড়া খাতের মাধ্যমে জিডিপি শক্তিশালী করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা।