ফের ভাঙল আবু ত্বহা আদনানের সংসার: পুনর্মিলনের ৪ মাসেই বিচ্ছেদ

0
ফের ভাঙল আবু ত্বহা আদনানের সংসার: পুনর্মিলনের ৪ মাসেই বিচ্ছেদ

বিনোদন ডেস্কঃ আলোচিত তরুণ ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার দাম্পত্য জীবনে আবারও বিচ্ছেদের সুর বেজেছে। দ্বিতীয় দফায় ঘর বাঁধার মাত্র চার মাসের মাথায় তারা আলাদা হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের মতবিরোধের জেরে তাদের সম্পর্কের এই অবনতি বলে জানা গেছে। সারা জানান, তিক্ততা এমন পর্যায়ে পৌঁছায় যে বিচ্ছেদ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। তিনি বলেন “আমরা নতুন করে সংসার সাজানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম। দুই পরিবারও আমাদের পাশে ছিল। কিন্তু নানা জটিলতায় শেষ রক্ষা হলো না। রমজানের চাঁদরাতেই আমাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে।”

তাদের এই সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ হয়। উভয় পরিবারের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে গত ২ ডিসেম্বর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দ্বিতীয় দফার এই সংসার মাত্র চার মাস টিকল। ৯ মে সারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবরটি প্রকাশ করেন।

রংপুরের তরুণ এই বক্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় আলোচনার মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। তবে ২০২৩ সালের জুনে তিন সঙ্গীসহ নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। আট দিন পর ফিরে আসার পর জানা যায়, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন।

আবু ত্বহার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর তার ভক্ত ও অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে প্রিয় বক্তার ব্যক্তিগত জীবনের এই বির্পযয়ে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ একে নিতান্তই ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে অহেতুক সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত আবু ত্বহা মুহাম্মদ আদনানের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।