
কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর নিভারাণী মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ব্যবহার করে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে পাঠদান। বিদ্যালয়ের নিচতলার পাঁচটি শ্রেণিকক্ষের ছাদ ও দেয়ালে মারাত্মক ফাটল দেখা দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কার মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চায়না দাস জানান, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। বহু বছর আগে নির্মিত ভবনটির বিভিন্ন স্থানে আগেই ক্ষয় দেখা দিলেও ২০২৩ সাল থেকে ফাটলগুলো ক্রমশ বিস্তৃত হতে থাকে। এর ফলে গত তিন বছর ধরে ঝুঁকি নিয়েই শ্রেণিকক্ষে পাঠদান চলছে। তিনি আরও জানান, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে যশোর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।
নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করা হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী সবাই মনে করছেন এ অবস্থায় যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন তারা।
