গভীর রাতে উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

0
গভীর রাতে উত্তরা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর তুরাগ এলাকার উত্তরা ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি-ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি ইলিয়াস কবির জানান, বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের সরকারি আবাসিক কোয়ার্টারে অভিযান চালানো হয়। সেখান থেকেই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সেখানেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রয়েছেন। তবে ঠিক কী অভিযোগে বা কোন নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাংস্কৃতিক অঙ্গনে তুমুল আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামক একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির অভ্যন্তরীণ কথোপকথনের একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়ে গেলে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় ওঠে।

ফাঁস হওয়া কথোপকথনে বিগত সরকারের ঘনিষ্ঠ বেশ কয়েকজন অভিনয়শিল্পী, নির্মাতা ও সাংবাদিককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিতে ও নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়। সেই বিতর্কিত গ্রুপের সক্রিয় সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল, যা নিয়ে নেটিজেন ও সাধারণ দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ছাড়া বিগত সরকারের আমলে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

স্ক্রিনশট ফাঁসের ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি দাবি করেছিলেন, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের কোনো ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও আপডেট আদান-প্রদান করা হতো। কোনো শিল্পীই মানুষ হত্যার সমর্থন করতে পারেন না বলেও সে সময় মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হতে পারে।