অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি

0
অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের দেওয়া অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। কোটি টাকার আধুনিক এই যানটি এখন হাসপাতালের এক পাশে অচল হয়ে ধুলাবালিতে ঢেকে পড়েছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণপ্রাপ্ত চালক ও টেকনিশিয়ান না থাকার কারণে এটি ব্যবহারযোগ্য থাকলেও আর ব্যবহৃত হচ্ছে না। ফলে উপজেলার সাধারণ মানুষ জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারত সরকার ১০৮টি লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স উপহার দেয়। স্বাস্থ্য খাতের উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হলেও বেশির ভাগ অ্যাম্বুল্যান্স জেলা সদর হাসপাতালেই সীমাবদ্ধ থেকে যায়। উপজেলায় দেওয়া হয় অল্পসংখ্যক। স্বাস্থ্যসেবায় গুরুত্বের কথা চিন্তা করে তৎকালীন চান্দিনার সংসদ সদস্যের তদবিরে একটি অ্যাম্বুল্যান্স চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলেও তা আর সচল হয়নি।

প্রায় ৪ বছর আগে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফ সাপোর্ট সুবিধাসহ আধুনিক অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেওয়া হয়। এতে ছিল রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার, হার্ট মনিটর, ভেন্টিলেটর, সাকশন মেশিনসহ প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সরঞ্জাম। এ ধরনের অ্যাম্বুলেন্স মূলত দুর্ঘটনা, হার্ট অ্যাটাক, স্ট্রোক, শ্বাসকষ্ট বা গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আজ এটি একেবারে অচল।করোনা মহামারির সময় ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া অ্যাম্বুল্যান্সটি এক দিনের জন্যও ব্যবহার করা হয়নি। গাড়িটির সামনের গ্লাসও ভেঙে গেছে। দীর্ঘদিন ব্যবহার না করার কারণে এখন এটি চালানোও সম্ভব নয়। অথচ সামান্য মেরামতের মাধ্যমে এটি আবার চালু করা যেত বলে জানিয়েছেন স্থানীয় গাড়ি মেকানিকরা।

রোগীর স্বজনদের অভিযোগ, চান্দিনা উপজেলা হাসপাতালটি উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসাস্থল। দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোগীকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা ঢাকায় পাঠানোর প্রয়োজন হয়। কিন্তু লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি অকেজো থাকায় সাধারণ মানুষ বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করছে। এতে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে, যা অনেক দরিদ্র পরিবারের পক্ষে কষ্টকর।

স্থানীয় বাসিন্দা আঃ রশিদ বলেন, ভারত সরকার আমাদের দেশের লোকজনের স্বাস্থ্য সভার মান উন্নত করার জন্য তারা একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহ করেন আমাদের কিন্তু আমার দেশের সরকার প্রয়োজনীয় লোকবল সংকট দেখিয়ে চালিয়ে রাখতে পারছে না, এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স থাকলে অনেক জীবন বাঁচানো সম্ভব। কিন্তু তা অব্যবহৃত পড়ে থাকায় সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না।”

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আরিফুর রহমান বলেন, ‘আমাদের হাসপাতালে সাধারণ অ্যাম্বুল্যান্সের জন্য একজন চালক আছে। কিন্তু লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স চালানোর জন্য লোকবল সংকট এবং জ্বালানি সরবরাহ না থাকায় বিশেষ ওই অ্যাম্বুল্যান্সটি চালানো যাচ্ছে না। “অ্যাম্বুলেন্সটি সচল করার জন্য আমরা একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখনো টেকনিশিয়ান বা প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিয়োগ দেওয়া হয়নি। আশা করি শিগগিরই এর সমাধান হবে।”

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন কার্যালয় যোগাযোগ করা হলে তিনি জানান, অ্যাম্বুলেন্স চালু করার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলেন এবং আমরা তো এটি চালু করার পক্ষে আছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসে। অনেক সময় প্রসূতি মা, হৃদরোগী বা দুর্ঘটনাগ্রস্ত রোগীর অবস্থা এতটাই আশঙ্কাজনক থাকে যে, তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠাতে হয়। তখন একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স জীবন রক্ষাকারী ভূমিকা রাখতে পারে। অথচ সেটিই আজ হাসপাতালের এক কোণে পড়ে আছে অযত্নে, যা প্রশাসনিক উদাসীনতার বড় উদাহরণ।

জনগণের প্রত্যাশা, দীর্ঘদিনের অচল লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামত করে পুনরায় চালু করা হোক। কারণ স্বাস্থ্যসেবায় অবহেলা মানে মানুষের জীবনের প্রতি অবহেলা, যা কোনভাবেই কাম্য নয়। এখন দরকার প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং দায়িত্বশীল উদ্যোগ, যাতে চান্দিনার জনগণ আবারও পায় উন্নত ও দ্রুততর জরুরি চিকিৎসা সেবা।