আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতির দ্রুত অবনতি ও ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জারি করা এক বিশেষ নিরাপত্তা বার্তায় এই সতর্কতা প্রদান করা হয়।
উপসাগরীয় সংবাদমাধ্যম গালফ নিউজ এর প্রতিবেদন অনুযায়ী, দূতাবাস মার্কিন নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে সৌদি আরব ত্যাগের তাগিদ দিয়েছে। জরুরি এই সতর্কবার্তায় জানানো হয়, মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল ও অস্থিতিশীল পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। নাগরিকদের নিরাপত্তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিচ্ছে।
চলমান সংঘাতের জেরে বর্তমানে সৌদি আরবের আকাশসীমায় প্রায়ই মিসাইল ও ড্রোন হামলার হুমকি দেখা দিচ্ছে। ফলে দেশটির আকাশপথে যাতায়াতের ওপর নিয়মিত বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। মার্কিন দূতাবাস নাগরিকদের পরামর্শ দিয়েছে, বিমানবন্দরে রওনা হওয়ার আগে ফ্লাইটের সময়সূচী নিশ্চিত হতে সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে। ফ্লাইট বাতিল বা বিলম্বের মতো পরিস্থিতির জন্য আগাম মানসিক প্রস্তুতি রাখতে।
যেসব মার্কিন নাগরিক বিশেষ কারণে সৌদি আরবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, তাদের জন্য দূতাবাস বিশেষ ‘সেফটি প্রোটোকল’ জারি করেছে “নিজেদের আবাসে বা নিকটস্থ কোনো মজবুত ভবনে নিরাপদ স্থান (Safe Room) চিহ্নিত করুন। পর্যাপ্ত খাবার, পানি, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য জরুরি সরঞ্জাম অন্তত কয়েকদিনের জন্য মজুত রাখুন।”
মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধাবস্থা এবং সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

