ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত: নেগেভ মরুভূমিতে বিষাক্ত গ্যাসের আতঙ্ক, ঘরবন্দি হাজারো মানুষ

0
ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত: নেগেভ মরুভূমিতে বিষাক্ত গ্যাসের আতঙ্ক, ঘরবন্দি হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এক ভয়াবহ ও বিষাক্ত মোড় নিল। রোববার বিকেলে ইসরায়েলের নেগেভ মরুভূমি অঞ্চলের প্রধান শহর বির শেবা -র একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ইরানের একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এই হামলার ফলে সংশ্লিষ্ট এলাকায় প্রাণঘাতী রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে, যা পুরো অঞ্চলকে এক মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।

ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড নিশ্চিত করেছে যে, ক্ষেপণাস্ত্রটি শিল্পাঞ্চলের এমন এক পয়েন্টে আঘাত হেনেছে যেখানে ব্রোমাইড এবং বেশ কিছু বড় ফার্মাসিউটিক্যাল (ওষুধ) কারখানা অবস্থিত। বর্তমানে এই শিল্পাঞ্চলটিতে ১৯টি সক্রিয় কারখানা রয়েছে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এই এলাকাটি ইসরায়েলের প্রধান বিপজ্জনক বর্জ্য নিষ্কাশন কেন্দ্রগুলোর একটি। ক্ষেপণাস্ত্রের আঘাতে বর্জ্য বা রাসায়নিক আধার ফেটে গিয়ে বিষক্রিয়া ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বির শেবা ও এর আশপাশের বাসিন্দাদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জারি করা নির্দেশনায় বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকেই বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে ঘরের সব জানালা ও দরজা শক্ত করে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ রোধে তেল আবিব এবং মধ্য ইসরায়েলের সাথে বির শেবাকে সংযোগকারী প্রধান হাইওয়েটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

হামলার পরপরই ওই এলাকায় লেলিহান শিখা দেখা যায়। বর্তমানে ইসরায়েলি দমকল বাহিনী এবং বিশেষায়িত রাসায়নিক উদ্ধারকারী দল (Hazmat Team) আগুন নেভানোর পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তবে সামরিক সেন্সরশিপের কারণে ঠিক কোন কারখানাটি ধূলিসাৎ হয়েছে বা সেখানে ঠিক কী পরিমাণ বিষাক্ত মজুত ছিল, তা এখনো জনসমক্ষে প্রকাশ করেনি নেতানিয়াহু প্রশাসন।

সামরিক বিশ্লেষকদের মতে, মধ্যরাত থেকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিমুখ পরিবর্তন করেছে। তারা এখন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক ঘাঁটি এবং স্পর্শকাতর শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করেই আঘাত হানছে, যাতে দেশটির প্রতিরক্ষা ও অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়।

বির শেবার এই হামলা কেবল একটি সামরিক আঘাত নয়, বরং এটি পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে। বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়লে তার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।