আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের রক্তক্ষয়ী সংঘাত এক মাস পেরিয়ে গেলেও থামার লক্ষণ নেই। পাল্টাপাল্টি হামলায় যখন বৈশ্বিক অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে, ঠিক তখনই যুদ্ধ থামাতে পর্দার আড়ালে শুরু হয়েছে ব্যাপক কূটনৈতিক তৎপরতা। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে শুরু হয়েছে এক রুদ্ধশ্বাস বৈঠক।
তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তানের প্রতিনিধিদের এই উপস্থিতিকে বিশ্লেষকরা ওয়াশিংটন ও তেহরানকে সরাসরি আলোচনার টেবিলে আনার ‘সবচেয়ে সমন্বিত আঞ্চলিক প্রচেষ্টা’ হিসেবে দেখছেন।
রয়টার্সের তথ্যমতে, দুই দিনব্যাপী এই আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য হলো বিশ্ববাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত করা।
গতকাল প্রথম দিনের বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, আঞ্চলিক শক্তিগুলো মধ্যপ্রাচ্যে যুদ্ধের একটি স্থায়ী সমাধানের পথ খুঁজছে। তবে আলোচনার মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের ‘আস্থার সংকট’।
বৈঠক শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে প্রায় ৯০ মিনিট টেলিফোনে কথা বলেন। পাঁচ দিনের মধ্যে এটি ছিল তাঁদের দ্বিতীয় আলাপ।
ইরানি প্রেসিডেন্ট আক্ষেপ করে বলেছেন, “যুক্তরাষ্ট্রের সাথে অতীতে আলোচনার টেবিলে বসার সময়ই ইরান দুবার হামলার শিকার হয়েছে। একদিকে সংলাপের প্রস্তাব, অন্যদিকে হামলা—এই দ্বিমুখী অবস্থানের কারণে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে তেহরান সন্দিহান। সরাসরি কোনো সংলাপে বসার আগে বিশ্বাসযোগ্য পদক্ষেপ প্রয়োজন।”
প্রাথমিকভাবে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি তুরস্কের আঙ্কারায় হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা ইসলামাবাদে সরিয়ে আনা হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের কাছে বার্তা পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তান বর্তমানে সবচেয়ে প্রভাবশালী মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
এই প্রক্রিয়ার শুরু হয়েছিল চলতি মাসের শুরুতে রিয়াদে অনুষ্ঠিত মুসলিম ও আরব দেশগুলোর সম্মেলনে। এখন সেই উদ্যোগই পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ও মিসরের সমন্বয়ে চারদেশীয় রূপ নিয়েছে।
পাকিস্তানের এই মধ্যস্থতা প্রচেষ্টায় প্রকাশ্য সমর্থন জানিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে ইরানকে এই কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত থাকতে উৎসাহিত করা হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট যে, কেবল আঞ্চলিক দেশগুলোই নয়, বিশ্বের পরাশক্তিগুলোও এখন সরাসরি সংঘাতের চেয়ে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চাইছে।
কূটনীতিকদের মতে, চার দেশের এই জোট সরাসরি কোনো ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করার ক্ষমতা রাখে না। তবে তাদের মূল কাজ হলো আঞ্চলিক দেশগুলোর অবস্থানের মধ্যে সমন্বয় আনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপের জন্য একটি নিরপেক্ষে ক্ষেত্র প্রস্তুত করা। হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করা।
বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দ্বিতীয় দিনের আলোচনার দিকে। আস্থার এই দেয়াল ভেঙে তেহরান ও ওয়াশিংটন শেষ পর্যন্ত মুখোমুখি বসে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

