চিকেনস নেক সংলগ্ন তিস্তায় বেইজিংয়ের নজর: ভারতের ‘নিরাপত্তা জুজু’ উড়িয়ে ঢাকার পাশে চীন, শুরু হচ্ছে মেগা সমীক্ষা

0
চিকেনস নেক সংলগ্ন তিস্তায় বেইজিংয়ের নজর: ভারতের ‘নিরাপত্তা জুজু’ উড়িয়ে ঢাকার পাশে চীন, শুরু হচ্ছে মেগা সমীক্ষা

কূটনৈতিক প্রতিবেদকঃ ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-এর দোরগোড়ায় বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের কৌশলগত উদ্বেগকে সরাসরি নাকচ করে দিয়েছে চীন। বেইজিং সাফ জানিয়েছে, ঢাকা-বেইজিং দ্বিপাক্ষিক অংশীদারিত্ব কোনো ‘তৃতীয় পক্ষ’কে টার্গেট করে নয়, বরং এটি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ জনকল্যাণমূলক বিষয়। তাই এই প্রকল্পে বাইরের কোনো দেশের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বা প্রভাব থাকা অনুচিত।

একই সঙ্গে ভারতের তীব্র আপত্তির মুখেই তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) বাংলাদেশকে সর্বোচ্চ আর্থিক ও কারিগরি সহযোগিতার চূড়ান্ত গ্রিন সিগন্যাল দিয়েছে শি জিনপিং প্রশাসন। ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি বেইজিংয়ের এই কড়া বার্তার খবরটি নিশ্চিত করেছে।

‘দিল্লি ভারতের চিন্তা করুক, বেইজিং আছে ঢাকার পাশে’

বেইজিংয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় গণমাধ্যমের উদ্বেগের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন অত্যন্ত কড়া ভাষায় বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন।

মুখপাত্র বলেন, “বাংলাদেশ ও চীনের এই মেলবন্ধন কোনো তৃতীয় শক্তির বিরুদ্ধে নয়। এটি সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখা উচিত।” তিনি আরও যোগ করেন, তিস্তা প্রকল্পটি কোটি মানুষের জীবন-জীবিকার সাথে জড়িত। বেইজিং বাংলাদেশের উন্নয়ন কৌশলের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্লু-প্রিন্ট সাজাচ্ছে, যার মধ্যে বাণিজ্য ছাড়াও নদী শাসন ও জলসম্পদ ব্যবস্থাপনা বিশেষ অগ্রাধিকার পাবে।

এদিকে, তিস্তা মহাপরিকল্পনাকে দ্রুত বাস্তবে রূপ দিতে ঢাকা-বেইজিং কূটনৈতিক টেবিলে এসেছে বড় ব্রেকথ্রু। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, প্রকল্পটির কার্যকারিতা ও পরিবেশগত দিক খতিয়ে দেখতে দুই দেশের শীর্ষ বিশেষজ্ঞরা প্রথমবারের মতো একটি যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা (Joint Technical Feasibility Study) শুরু করতে যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, “এই প্রথম দুই দেশ যৌথ সমীক্ষায় একমত হলো। চীন আশ্বস্ত করেছে, সমীক্ষায় প্রজেক্টটি পরিবেশগত ও অর্থনৈতিকভাবে যৌক্তিক প্রমাণিত হওয়া মাত্রই তারা এর নির্মাণকাজে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে ঝাঁপিয়ে পড়বে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) এবং চীনের রাষ্ট্রায়ত্ত পাওয়ার জায়ান্ট ‘পাওয়ারচায়না’র মধ্যে সমঝোতা স্মারক (MoU) নবায়ন হওয়ায় পর্দার আড়ালে প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে রয়েছে।

তিস্তা নদী অববাহিকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর (সেভেন সিস্টার্স) ঠিক প্রবেশদ্বারে অবস্থিত হওয়ায় ভারতের নীতি-নির্ধারকদের মধ্যে এক ধরনের কৌশলগত আতঙ্ক কাজ করছে।

ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র ২২ কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ ভূখণ্ড, ভূ-রাজনীতিতে যাকে ‘চিকেনস নেক’ (Chicken’s Neck) বলা হয়। তিস্তা প্রকল্পটির অবস্থান এই করিডরের একদম কাছাকাছি।

নয়াদিল্লির প্রধান সামরিক আশঙ্কা হলো, এই মেগা প্রজেক্টের উসিলায় যদি তিস্তা পাড়ে চীনের প্রকৌশলী, ড্রোন ও প্রযুক্তির দীর্ঘমেয়াদি উপস্থিতি তৈরি হয়, তবে তা ভারতের শিলিগুড়ি করিডরের জন্য স্থায়ী কৌশলগত ও সামরিক ঝুঁকি তৈরি করবে। আর এই কারণেই বাংলাদেশ ও চীনের এই যৌথ মহাপরিকল্পনার প্রতিটি নড়াচড়ার ওপর দিনরাত চব্বিশ ঘণ্টা কড়া নজরদারি রাখছে ভারতের সাউথ ব্লক।