শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় মহারাজপুর গ্রামে আলোচিত চাঁদাবাজি ও জাল দলিলের মামলায় ৩ জনকে ১৪ মাস করে সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাস কারাদন্ডের রায় প্রদান করেছে আদালত।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (৩) এর বিচারক মো: নজরুল ইসলাম সোমবার (২৯ জুন) দুপুরে আসামিদের উপস্থিতিতে দায়রা মামলা নং ১২৭৫/২০১৭ এর রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বড় মহারাজপুর গ্রামের মৃত নবুল্লাহ প্রামাণিকের ছেলে আব্দুল হামিদ (৬০), আব্দুল হামিদের জামাতা ও চন্ডী মোল্লার ছেলে আব্দুল হাকিম (৪৫) এবং একই গ্রামের মালা প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন (৫০)। বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, শাহজাদপুর উপজেলার বড় মহারাজপুর গ্রামের আব্দুল হামিদ, আব্দুল হাকিম, আমজাদ হোসেন ও তাদের সহযোগিরা পারস্পরিক যোগসাজোশে একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে হাফিজুর রহমান হেলালের মালিকানাধীন ৭ শতক জমি জাল দলিল করে। একপর্যায়ে জাল দলিল করা সম্পত্তি আব্দুল হামিদের নামে নামজারি পূর্বক খাজনা খারিজ করে। খাজনা খারিজ করার পর আসামিরা হেলালের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ২০১৬ সনের ১৫ ডিসেম্বর হেলালের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় হেলাল বাদি হয়ে একইদিন দণ্ডপ্রাপ্ত ৩ আসামি সহ ৫ জনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানা পুলিশ তদন্ত শেষে প্রাথমিকভাবে মামলার সত্যতা প্রমানিত হওয়ায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুণানী ও সাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ আলোচিত মামলার রায় ঘোষণা করেন।
রায় প্রকাশের পর ক্ষুদ্ধ এলাকাবাসী জানিয়েছেন জাল জালিয়াতির মাধ্যমে দলিল করে জমি দখল করা ছিল হামিদের নেশা ও পেশা তার এই অপকর্মের ফলে অনেকেই এলাকায় জমি ও ভিটেবাড়ি হারিয়েছেন। আজ এই রায়ের মাধ্যমে তার অপকর্মের সত্যতা প্রমানিত হল। এই রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
মামলা দায়েরের পর পলাতক থাকা অবস্থায় মহসীন ও শাহীন মৃত্যু বরন করেন। এদিকে, হেলাল বাদি হয়ে ২০১৬ সনের ডিসেম্বর মাসে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসে জাল দলিলের নামজারী বাতিলের জন্য মিস কেস দায়ের করেন। শুনানি শেষে সহকারি কমিশনার (ভূমি) ওই জাল দলিলের নামজারী বাতিল করে দেন।

