কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় সোমবার রাত সারে ৯টার দিকে কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো,ইয়াসিন সাদেক।
তিন ব্যক্তিকে গাঁজা সেবনের অপরাধে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. কাজল ভূইয়া (২২)মো. আমীর হোসেন (৩৩)মো. মিজান তালুকদার (৪৫)। এসময় একই এলাকায় অবৈধভাবে বাস পার্কিং করার অপরাধে মো. রুবেল নামে এক বাস চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় ২,০০০ টাকা অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, মাদকসহ অবৈধ সকল কাজে এ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করলে মাদক ও যানবাহন বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে।

