আদালত প্রতিবেদকঃ ঢাকা মহানগর আদালতে যাত্রা শুরু করল ই-পারিবারিক আদালত। নতুন এই পদক্ষেপের ফলে মামলার দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ, দূরত্বজনিত সমস্যা, কাগজের নথি ব্যবস্থাপনা, সময়ক্ষেপণ এবং ভিড় ও অপেক্ষার মতো আগের অনেক সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২৪ নভেম্বর) নতুন এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
নতুন এ সেবার মাধ্যমে দ্রুত অনলাইন প্রক্রিয়া, ন্যূনতম খরচ, ঘরে বসে সেবা গ্রহণ, ডিজিটাল নথি, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন এবং অনলাইন শিডিউলিংয়ের সুবিধা পাওয়া যাবে।
তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয়ে আমরা ২১টি রিফর্ম করেছি। আমরা আশা করি, আমাদের পরে যে রাজনৈতিক দল আসবে তারা দেশকে ভালোবেসে এগুলো ধরে রাখবে। তাই পরবর্তী সরকারের প্রতি অনুরোধ, আমাদের উদ্যোগগুলো অব্যাহত রাখেবেন।’
বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে আপনি বিচার পাবেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘পারিবারিক মামলার ক্ষেত্রে আমরা তা বাধ্যতামূলক করে দিয়েছি। এখন ২০ জেলায় চালু করেছি, যাওয়ার আগে ৬৪ জেলায় চালু করব। আশা করি, ৫ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে।’
এ সময় সিঙ্গাপুরকে সংস্কার করতে সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর ১০ বছর লেগেছে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘সংস্কার রাতারাতি সম্ভব না। যেটা দেশের মানুষ গ্রহণ করতে পারবে না, সেই সংস্কার করতে গিয়ে রাষ্ট্রকাঠামো দুর্বল করা যাবে না। সংস্কার গ্রহণ করার জন্য দেশের মানুষকেও প্রস্তুত করতে হবে। সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তববাদী হতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

