হাইকোর্টে জামিন পেলেন ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, কারামুক্তিতে বাধা নেই

0
হাইকোর্টে জামিন পেলেন ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, কারামুক্তিতে বাধা নেই

আদালত প্রতিবেদকঃ সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আপাতত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

জামিন চেয়ে হাফিজুর রহমানের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এই মামলায় নিম্ন আদালতে জামিন আদেশ না পেয়ে  গত সপ্তাহে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন হাফিজুর রহমান।

আদালতে হাফিজুর রহমানের পক্ষে আইনজীবী শেখ আলী আহমেদ খোকন শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনিসুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

পরে আইনজীবী শেখ আলী আহমেদ খোকন বলেন, ‘হাইকোর্ট রুল দিয়ে হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। ফলে তার কারামুক্তিতে আপাতত বাধা নেই।’

চলতি বছরের ২৯ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আলোচনাসভা থেকে গ্রেপ্তার হন অধ্যাপক কার্জন। এর পর থেকে তিনি কারাগারেই আছেন। এর আগে, এ মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।

অন্য আসামিরা হলেন– মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে আবদুল লতিফ সিদ্দিকী দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন। পরে বৈঠকে অংশ নেওয়া ৭০ থেকে ৮০ জনের মধ্য থেকে ১৬ জনকে আটক করে পুলিশ।