ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আশ্রব আলীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে একই পরিবারের ছয় সদস্যকে কঠোর সাজা দিয়েছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।
রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা সবাই ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দেওখালী গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি ভোরে প্রতিবেশী কৃষক আশ্রব আলীকে প্রতিপক্ষরা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ছেলে মো. জুলহাস উদ্দিন বাদী হয়ে ফুলপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
২০১৭ সালের ১৬ আগস্ট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত সাক্ষী ও তথ্য-প্রমাণের চুলচেরা বিশ্লেষণ শেষে আজ চূড়ান্ত রায় প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী মো. জুলহাস উদ্দিন বলেন, “দীর্ঘ ১২ বছর আমরা ন্যায়বিচারের অপেক্ষায় আদালতের বারান্দায় ঘুরেছি। আজ বাবার হত্যার সঠিক বিচার পেয়ে আমরা সন্তুষ্ট।”
তবে আসামিপক্ষের স্বজন রেজাউল করিম দাবি করেছেন তারা ন্যায়বিচার পাননি এবং এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. আকরাম হোসেন জানান, এই রায়ের মাধ্যমে সমাজে অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা পৌঁছাবে যে, হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ পার পাবে না।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

