মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের অন্যতম অগ্রপথিক, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশবরেণ্য প্রকৃতিপ্রেমী সীতেশ রঞ্জন দেব আর নেই। মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুতে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সীতেশ রঞ্জন দেবের নাতি রাজদ্বীপ দেব বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও হাসপাতালে পৌঁছানোর আগেই সকাল ৯টা ৫ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বেলা ২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নোয়াগ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেখানে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, পরিবেশকর্মী, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।
সীতেশ রঞ্জন দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তাঁরা বলেন, সীতেশ রঞ্জন দেবের মৃত্যু বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম, নিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দেশজুড়ে ‘সীতেশ বাবু’ নামে পরিচিত এই প্রাণীপ্রেমী জীবনের কয়েক দশক উৎসর্গ করেছেন আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার, চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসনের কাজে। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন দেশের অন্যতম নির্ভরযোগ্য বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। বন বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন উদ্ধারকারী সংগঠন এবং সাধারণ মানুষ লোকালয়ে বিপন্ন বন্যপ্রাণী দেখতে পেলেই তাঁর প্রতিষ্ঠানের সহযোগিতা নিতেন।
শুধু প্রাণী উদ্ধারই নয়, বন্যপ্রাণী হত্যা ও পাচার প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরিতেও তিনি নিরলসভাবে কাজ করেছেন। তাঁর উদ্যোগে চিকিৎসা ও পরিচর্যা শেষে হাজার হাজার বন্যপ্রাণী আবারও তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছে। তাঁর কর্মজীবন দেশের পরিবেশ সংরক্ষণের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।
পারিবারিক সূত্রে জানা যায়, কৈশোর থেকেই বন্যপ্রাণীর প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। বাবা শিরীষ রঞ্জন দেবের সঙ্গে পশুপাখি পালন ও শিকারে অংশ নিতেন। সে সময় দেশে বন্যপ্রাণী শিকারে কঠোর বিধিনিষেধ না থাকলেও সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব। এরপর তিনি শিকার ছেড়ে সম্পূর্ণভাবে বন্যপ্রাণী সংরক্ষণে আত্মনিয়োগ করেন।
প্রথমদিকে শ্রীমঙ্গল শহরের মিশন রোডে নিজ বাড়ির আঙিনায় আহত বন্যপ্রাণীর চিকিৎসা ও পরিচর্যার জন্য একটি ছোট সেবাকেন্দ্র গড়ে তোলেন। পরে সেটি পশ্চিম ভাড়াউড়া এলাকার বাগানবাড়িতে স্থানান্তর করা হয়। সরকারি নীতিমালা অনুসরণ করে পরবর্তীতে এটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন হিসেবে আত্মপ্রকাশ করে এবং দেশ-বিদেশে পরিচিতি লাভ করে।
সীতেশ রঞ্জন দেব অসুস্থ হয়ে পড়ার পর তাঁর দুই ছেলে সজল দেব ও সঞ্জিত দেব বাবার আদর্শ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে আসছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সীতেশ রঞ্জন দেবের স্বপ্ন ও আদর্শকে ধারণ করেই ভবিষ্যতেও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রকৃতি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর প্রতি আজীবন নিবেদিত এই মানুষটির প্রস্থান শুধু একটি পরিবারের নয়, বরং বাংলাদেশের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল। তাঁর কর্ম, মানবিকতা এবং প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।

