উল্লাপাড়া প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ শুটকি করার চাতাল বসানো হচ্ছে। এলাকার বিল, খাল, জলার মাছের খোজ খবর নেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকার হাটগুলোয় বেচতে আনা শুটকি করার দেশিয় মাছের আমদানি ও দর দাম চাতাল মালিকেরা জানছেন। চাতালগুলো কবে চালু হবে চাতাল শ্রমিকেরা এর খবর নিচ্ছেন। সব মিলিয়ে চাতালগুলো চালু অপেক্ষায়, মাছ মিললে চালু হবে।
উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের ত্রিমোহনী ব্রীজের পাশে, উধুনিয়া সড়কের দুপাশে বেশি সংখ্যক শুটকি চাতাল বসে।এসব চাতালে দেশিয় সব ধরণের মাছ শুটকি করা হয়।দেশিয় মাছের মধ্যে পুটি,টেংরা,চাপিলা,টাকি মাছ বেশি পরিমাণ শুটকি করা হয়। এখানকার শুটকি সৈয়দপুর, রংপুরসহ বিভিন্ন মোকাম বাজারে পাইকারি বেচাকেনা হয়।
সরেজমিনে দেখা গেছে ত্রিমোহনী ব্রীজের পাশে মাছ শুটকি করার চাতাল বসানো হয়েছে। চাতালে বানাগুলো গুটিয়ে রাখা আছে। উধুনিয়া সড়কের পাশে চাতালের খুটি পোতা হচ্ছে। এলাকার একজন শুটকি চাতাল শ্রমিক বলেন চাতালগুলো চালু আরো বেশ কিছুদিন দেরিতে হবে। এলাকার খাল,বিল,নালা,জলাশয়গুলোর মাছ এখনো আকারে ছোটো আছে। উপজেলার লাহিড়ী মোহনপুর,উধুনিয়া, কয়ড়া,তালগাছি বাজারে বন্যার পানিতে বেড়ে উঠা মাছ সবচেয়ে বেশি পরিমাণ কেনাবেচা হয়।এলাকার হাট বাজারগুলোয় শুটকি করার মতো মাছ কেনাবেচায় কম পরিমাণ আমদানি হচ্ছে। শুটকি চাতাল মালিকদের কেউ কেউ এলাকার হাট বাজারগুলোয় দেশিয় মাছের আমদানি ও দর দামের খোজ খবর নিচ্ছেন বলে জানা গেছে। এলাকার হাট বাজারগুলোয় শুটকি করার মাছ মিললে চাতালগুলো চালু করা হবে বলে জানা গেছে। এখানকার শুটকি চাতালগুলোয় এলাকার অনেক নারী দিন হাজিরায় কাজ করেন।
এরা কাজ করবেন আশায় চাতালগুলো কবে নাগাদ চালু হবে এর খোজ খবর ও চাতাল মালিকদের সাথে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

