বাংলাদেশ প্রতিবেদকঃ সরকার পতনের এক দফা দাবিতে আজ বুধবার থেকে সারা দেশে আবারও ৪৮ ঘণ্টার ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।
আজ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে এ কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা।
সেই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, এনডিএমসহ যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা অন্যান্য দল ও জোটের পক্ষ থেকেও এ কর্মসূচি পালন করা হবে। যুগপৎ আন্দোলনে না থাকলেও জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন ও এবি পার্টি। এর আগে পাঁচ দফায় ২৬৪ ঘণ্টার অবরোধ এবং দুই দফায় ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
গত সোমবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো ‘কঠোর’ কর্মসূচিতে যায়। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি।

