সংসদ নির্বাচন: কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে ভোট বাতিল

0
সংসদ নির্বাচন: কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে ভোট বাতিল

বাংলাদেশ প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরে কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে পরিপত্র জারী নির্বাচন কমিশনের (ইসি)। ইতোমধ্যে ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনাটি পাঠিয়েছেন।

রবিবার (০৩ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত জারীকৃত এ সংক্রান্ত পরিপত্র থেকে এসব তথ্য জানা যায়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী যদি মৃত্যুবরণ করেন অথবা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি প্রার্থিতা বাতিল হয়, তবে অনুচ্ছেদ ১৭ এর দফা (১) অনুসারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল করতে হবে। অতঃপর গৃহীত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

কমিশন ওই নির্বাচনি এলাকার জন্যনতুন নির্বাচনি তফসিল ঘোষণা করবেন। কমিশনের সিদ্ধান্ত অনুসারে নির্বাচন অনুষ্ঠানে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। এক্ষেত্রে যাদের মনোনয়নপত্র আগে বৈধ হয়েছিল তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। এমনকি জামানতের অর্থও জমা দিতে হবে না।

এবারের সংসদ নির্বাচনে ২৯ টি দল ও স্বতন্ত্র মিলে দুই হাজার ৭১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।