শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

0
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

বাংলাদেশ প্রতিবেদকঃ নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, ‘শাপলার’ বিষয়ে ইসির সিদ্ধান্ত অপরিবর্তিত। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই।

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি শাপলার বিকল্প প্রতীক বেছে না নিলে ইসি নিজ উদ্যোগে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে দেবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব।

ইসি সচিব আরও বলেন, ১৯ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা দেবেন। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা দরকার নেই বলে কমিশন মনে করে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে এটা তাদের বিষয়। গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সে অনুযায়ী কাজ করবে ইসি।’

এর আগে বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে এনসিপি বলছে, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। দল দুটির প্রতীকসহ বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।