‘বদলে যাবে বাংলাদেশ’: জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমানের ৫ মহাপরিকল্পনা ও কড়া হুঁশিয়ারি

0
‘বদলে যাবে বাংলাদেশ’: জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমানের ৫ মহাপরিকল্পনা ও কড়া হুঁশিয়ারি

আজকের ডেস্কঃ ভঙ্গুর অর্থনীতি, লণ্ডভণ্ড শাসনকাঠামো আর আকাশচুম্বী দ্রব্যমূল্যের চ্যালেঞ্জ মাথায় নিয়ে জাতির উদ্দেশে নিজের প্রথম ‘ভিিশনারি’ ভাষণ দিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাতে দেওয়া এই ভাষণে তিনি কেবল সমস্যার কথা বলেননি, বরং একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্পষ্ট রোডম্যাপ তুলে ধরেছেন।

ভাষণের সবচেয়ে বড় চমক ছিল নিজের দলের মন্ত্রী ও এমপিদের প্রতি কঠোর নির্দেশ। প্রধানমন্ত্রী ঘোষণা করেন, কৃচ্ছ্রসাধনের দৃষ্টান্ত গড়তে বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধায় ট্যাক্স-ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং কোনো সরকারি প্লট নেবেন না। তিনি বলেন, “জনগণকে ত্যাগের কথা বলার আগে আমরা নিজেরা ত্যাগ স্বীকার করে মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শ স্থাপন করতে চাই।”

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া পবিত্র রমজান নিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। রমজানকে মুনাফা লোটার মাস না বানিয়ে আত্মশুদ্ধির মাস হিসেবে গণ্য করুন। সাধারণ মানুষের নাগালের বাইরে দাম গেলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। বাজার নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক পরামর্শ শুনতে সরকার প্রস্তুত।

রাজধানীর ওপর অসহনীয় চাপ কমাতে প্রধানমন্ত্রী তার মহাপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান: ঢাকা কেন্দ্রিক নির্ভরতা কমাতে সারাদেশে রেল যোগাযোগ ব্যবস্থাকে আমূল বদলে ফেলা হবে। রেল, নৌ এবং সড়ক পথের মধ্যে সমন্বয় করা হবে যাতে মানুষ নিজ জেলায় থেকে ঢাকায় অফিস বা ব্যবসা সেরে দিনে দিনেই ফিরতে পারে।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আশার আলো দেখিয়ে তারেক রহমান বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) যুগে দেশের কোটি কোটি যুবককে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে। দক্ষ হয়ে উঠতে পারলে শুধু দেশ নয়, বিশ্ববাজারও আমাদের তরুণদের জন্য উন্মুক্ত হবে।

ভোটের রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের ডাক দেন। তিনি স্পষ্ট করে বলেন: “আপনি বিএনপিকে ভোট দিয়েছেন কি দেননি, সেটা বড় কথা নয়। এই রাষ্ট্রের ওপর আপনার অধিকার সমান। দলমত, ধর্ম, দর্শন যার যার—রাষ্ট্র সবার।”

এক নজরে প্রধানমন্ত্রীর ভাষণের মূল পয়েন্টগুলো: কঠোরভাবে দমন এবং বিগত আমলের জঞ্জাল পরিষ্কার। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনমনে নিরাপত্তা ফেরানো। ভঙ্গুর দশা থেকে উত্তরণে কৃচ্ছ্রসাধন ও সঠিক ব্যবস্থাপনা। এমপিদের জন্য ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা বাতিল। যানজট নিরসনে নিরাপদ ও সুলভ রেল নেটওয়ার্ক।

তারেক রহমানের এই ভাষণকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন এক “নতুন সামাজিক চুক্তির” প্রস্তাব হিসেবে। যেখানে শাসক নয়, সেবক হিসেবে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ফুটে উঠেছে।