বিগত সরকারের ‘দুর্নীতি ও স্বজনপ্রীতিতে’ থমকে গেছে গ্রামীণ সড়ক উন্নয়ন: সংসদে মির্জা ফখরুল

0
বিগত সরকারের ‘দুর্নীতি ও স্বজনপ্রীতিতে’ থমকে গেছে গ্রামীণ সড়ক উন্নয়ন: সংসদে মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিবেদকঃ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলজুড়ে জেঁকে বসা অনিয়ম, ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে দেশের গ্রামীণ অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তোর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উন্নয়নের আড়ালে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে, তার নেতিবাচক প্রভাব আজ দৃশ্যমান। বিশেষ করে উত্তরাঞ্চলের রাস্তাঘাটগুলো চরম অবহেলার শিকার হয়েছে।” তিনি আরও যোগ করেন যে, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও সুষম উন্নয়নের পরিবর্তে নিজ নিজ এলাকায় অন্যায্যভাবে ফান্ড নিয়ে গেছেন, যার ফলে অনেক জনপদ আজও অনুন্নত রয়ে গেছে।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমের প্রশ্নের জবাবে মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর জানান, তৃণমূল পর্যায়ে এখনো অসংখ্য রাস্তা কাঁচা রয়ে গেছে যা জনগণের ভোগান্তির প্রধান কারণ। তিনি বলেন, দেশের প্রতিটি কাঁচা রাস্তা অগ্রাধিকার ভিত্তিতে পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রকল্পগুলোতে যেকোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি রোধে কঠোর অবস্থানে থাকবে বর্তমান সরকার। গ্রামীণ অর্থনীতি সচল করতে যোগাযোগ ব্যবস্থাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মন্ত্রী আক্ষেপ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও দুর্নীতির কারণে উত্তরাঞ্চলের গ্রামীণ জনপদগুলো বিগত বছরগুলোতে যথাযথ বরাদ্দ পায়নি। তবে বর্তমান সরকার সেই বৈষম্য দূর করে সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয় সরকার মন্ত্রী স্পষ্ট করেছেন যে, বিগত দীর্ঘ সময়ের অব্যবস্থাপনা কাটিয়ে গ্রামীণ অবকাঠামো পুনর্গঠন করাই এখন সরকারের মূল চ্যালেঞ্জ। স্বচ্ছতা নিশ্চিত করে কাঁচা রাস্তা পাকাকরণের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়ন করতে চায় মন্ত্রণালয়।