রাজধানীর স্কুলকেন্দ্রিক যানজট নিরসনে কঠোর প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রীকে বিকল্প পথ খোঁজার নির্দেশ

0
রাজধানীর স্কুলকেন্দ্রিক যানজট নিরসনে কঠোর প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রীকে বিকল্প পথ খোঁজার নির্দেশ

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর চিরচেনা যানজট নিরসনে এবার স্কুল চলাকালীন সময়ের ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক উচ্চপর্যায়ের সাক্ষাতকালে তিনি শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলনকে এ বিষয়ে কার্যকর ও টেকসই বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নিরসন এবং শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে যানজটের ভয়াবহতা তুলে ধরতে গিয়ে একটি চাঞ্চল্যকর উদাহরণ সামনে আনা হয়। অতিরিক্ত প্রেস সচিব জানান, “দেখা গেছে, রাজধানীর অনেক স্কুলে মাত্র দেড়শ শিক্ষার্থীর জন্য একশটিরও বেশি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে থাকে। এই বিপুল সংখ্যক যানবাহনের চাপে স্থবির হয়ে পড়ে রাজপথ, যার ভুক্তভোগী হতে হয় খোদ শিক্ষার্থীদেরই।”

এই বাস্তবতা মোকাবিলায় ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে কীভাবে বিকল্প কোনো পরিবহন ব্যবস্থা (যেমন- স্কুল বাস সার্ভিস) চালু করা যায়, তা নিয়ে গুরুত্বের সাথে কাজ করতে শিক্ষামন্ত্রী ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের পর জ্বালানি খাতের সংস্কার ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংশ্লিষ্ট বাহিনীর উন্নয়ন ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন।

স্কুল পিরিয়ডে যানজট কমাতে শিক্ষা মন্ত্রণালয়কে নতুন ‘একশন প্ল্যান’ তৈরির নির্দেশ। ব্যক্তিগত গাড়ির মাত্রাতিরিক্ত ব্যবহার ও যত্রতত্র পার্কিং নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ। শিক্ষার্থী পরিবহনে বাসের প্রবর্তন বা রুটিন পরিবর্তনের মতো বিষয়গুলো পর্যালোচনার তাগিদ।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদরা। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কী ধরনের প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেয়।