
আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের ইতিহাসে ১৯৯০ সালের পর সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের এই ‘মরণযজ্ঞে’ রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে কয়েক শ’ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই বিধ্বংসী হামলার রেশ কাটতে না কাটতেই এবার লেবানন সরকারের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, তারা লেবাননের সঙ্গে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত। নেতানিয়াহুর দাবি, এই আলোচনার মূল লক্ষ্য হবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি স্থাপন। তবে বিশ্লেষকরা মনে করছেন, বুধবারের হামলায় ৩০০-এর বেশি মানুষের মৃত্যুর পর আন্তর্জাতিক চাপ সামাল দিতেই এই আলোচনার টোপ দিয়েছেন তিনি।
এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, একটি কূটনৈতিক পথ নিয়ে কাজ চলছে যা ইতিবাচক মোড় নিতে শুরু করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ইরানের সঙ্গে যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন, তা এখন খাদের কিনারে। পাকিস্তান ও ইরানের দাবি অনুযায়ী লেবানন এই যুদ্ধবিরতির অংশ হলেও, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তা সরাসরি অস্বীকার করেছে।
হাঙ্গেরি সফররত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাফ জানিয়েছেন, “ইরানিরা হয়তো ভেবেছিল লেবানন এই চুক্তির আওতায় আছে, কিন্তু আসলে তা নয়।”যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগেই ট্রাম্প ইরানকে তাদের ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
লেবাননে ইসরায়েলি বর্বরতার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির প্রক্রিয়াকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইসরায়েল হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। একইসাথে তিনি ট্রাম্পের ‘পরমাণু কর্মসূচি বন্ধের’ দাবিকেও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।
গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে এবং পাকিস্তানের প্রস্তাবিত শান্তি আলোচনা এখন অনিশ্চিত।
দ্য গার্ডিয়ান ও আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবারের হামলায় বৈরুতের বহুতল ভবনগুলো চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতালের করিডোরগুলোতে এখন আহত শিশু ও সাধারণ মানুষের আর্তনাদ। ইসরায়েলি মন্ত্রিসভা ইতিমধ্যে বৈরুতে অস্ত্রশস্ত্র শুধুমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়ে হিজবুল্লাহর ওপর চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।
একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে যুদ্ধবিমান—ইসরায়েলের এই দ্বিমুখী কৌশলে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। পাকিস্তানের আসন্ন শান্তি আলোচনা এখন ঝুলে আছে বৈরুতের ধ্বংসস্তূপের ওপর।
