বাংলাদেশ প্রতিবেদকঃ লিটার প্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর উদ্ভূত পরিস্থিতিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করতে মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। আজ রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়।
সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের পর ঢাকাসহ সারা দেশে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কতটুকু বাড়বে, তা ঠিক করতেই মূলত ‘যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটি’ এই সভায় মিলিত হয়েছে। সভায় পরিবহন মালিক সমিতির নেতারা তাঁদের পক্ষ থেকে নতুন ভাড়ার প্রস্তাব পেশ করবেন। বিআরটিএ কর্তৃপক্ষ সেই প্রস্তাব বিশ্লেষণ করে জনস্বার্থ ও ব্যয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোবে।
বিআরটিএ’র চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমরের সভাপতিত্বে এই সভায় গুরুত্বপূর্ণ অংশীজনরা অংশ নিয়েছেন। সভায় আরও উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। সড়ক পরিবহন ও বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জ্বালানি তেলের দাম বাড়লে সাধারণত পরিবহনের পরিচালনা ব্যয় বেড়ে যায়। সাধারণ যাত্রীদের ওপর যেন অতিরিক্ত ভাড়ার বোঝা না চাপে এবং মালিকপক্ষও যেন ক্ষতিগ্রস্ত না হয়—উভয় দিক বিবেচনা করে একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

