৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সংকট: প্রধানমন্ত্রী

0
৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সংকট: প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদকঃ আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাগরে ক্ষতিগ্রস্ত এলএনজি (LNG) বাহী বিদেশি জাহাজ মেরামত, আমদানিকৃত গ্যাস সরবরাহ শুরু এবং নতুন কূপ অনুসন্ধানের উদ্যোগের ফলে সংকট দ্রুত দূর হবে বলে জানান তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরে মোট ৩০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “সাগরে গ্যাস ধরে রাখার দুটি বিদেশি জাহাজের একটিতে অগ্নিকাণ্ড ঘটায় সরবরাহে বিঘ্ন ঘটেছিল। বর্তমানে বিকল্প উপায়ে গ্যাস আমদানি চালু করা হয়েছে। তবে এক শ্রেণির অসাধু চক্র মেশিনের সাহায্যে অবৈধভাবে পাইপলাইন থেকে গ্যাস ও বিদ্যুৎ চুরিতে লিপ্ত। সরকারি প্রচেষ্টার পাশাপাশি এসব অসাধু চক্রকে প্রতিহত করতে দেশবাসীকে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, বিগত ১৭ বছর দেশীয় তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। সরকার দায়িত্ব নিয়েই বাপেক্সকে সক্রিয় করেছে এবং সংকট কাটাতে সারাদেশে ১৩০টি নতুন গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সময় ডিগ্রি পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করা হয়েছিল। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে নারীদের শিক্ষা ব্যবস্থা এবার অনার্স (স্নাতক) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।

তিনি বলেন, চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারের নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে। প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ইতোমধ্যে মওকুফ করা হয়েছে।

অনুষ্ঠানে অর্থ পাচার প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনের সময়ে বছরে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনা এবং দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।