জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও ডা. জুবাইদা, নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন

0
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও ডা. জুবাইদা, নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন

বিশেষ প্রতিনিধিঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে বিশ্বনেতাদের সঙ্গে বিশেষ প্রাতরাশে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এ প্রাতরাশ অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে প্রাতরাশে যোগ দিতে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে পৌঁছান তাঁরা। অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতিসংঘ মহাসচিব গুতেরেস তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং বেশ কিছুক্ষণ কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সঙ্গীদের সম্মানে জাতিসংঘ প্রধান এই প্রাতরাশের আয়োজন করেন।

প্রাতরাশের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল নজর এখন বিশ্বমঞ্চে কূটনৈতিক তৎপরতা জোরদারে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রাতরাশ শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘের মূল অধিবেশনে অংশ নেবেন। অধিবেশনের পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক করার সূচিও রয়েছে।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।