শাহজালালে তুলকালাম কাণ্ড: জামায়াত নেতা সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার 

0
শাহজালালে তুলকালাম কাণ্ড: জামায়াত নেতা সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার 

বাংলাদেশ প্রতিবেদকঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তাদের পিটিয়ে ছাতু করার হুমকি, প্রটোকল কর্মকর্তা লাঞ্ছনা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর বিমানবন্দর সড়ক সংলগ্ন ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি ও দায়িত্বরত কর্মকর্তাদের ওপর চড়াও হওয়ার অভিযোগে দায়ের করা সুনির্দিষ্ট মামলায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টা ৪০ মিনিটে। মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG-338) ফ্লাইটের যাত্রীদের ভিড়ে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি ও লাগেজ নিয়ে চরম জটলা তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে সেখানে ছুটে আসেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও বিমানবন্দর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি যাত্রীদের শান্ত করার চেষ্টা করতেই হঠাৎ আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।

তিনি দায়িত্বরত কর্মকর্তাদের উদ্দেশ্যে উগ্র ভাষায় চিৎকার করে বলেন— “আমি কিন্তু পিটাবো ধইরা” এবং “ঘাড় ধরে বের করে দিবো”। শুধু তাই নয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে নিয়েও চরম আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন তিনি।

এজাহার অনুযায়ী, শুধু গালিগালাজেই ক্ষান্ত হননি এই সাবেক সামরিক কর্মকর্তা। তাণ্ডবের একপর্যায়ে তিনি সাধারণ যাত্রীদের জন্য আনা পবিত্র জমজমের পানির বোতল ট্রলি থেকে ছুঁড়ে ফেলে নষ্ট করেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধিকে শারীরিকভাবে আঘাত করার উদ্দেশ্যে তেড়ে যান।

একই সময়ে তার সঙ্গে থাকা প্রটোকল সহযোগীরা সংবেদনশীল ও সংরক্ষিত (KPI) এলাকায় মোবাইল ফোনে ধারণ করা শুরু করলে নিরাপত্তা প্রদেয় সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে সেই অফিসারকেও অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন আখতারুজ্জামান।

এ ঘটনায় শুক্রবারই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির ১৮৬/১৮৯/২৯৪/৩২৩/৩৫২/৩৫৩/৫০৪/৫০৬ ধারায় (সরকারি কাজে বাধা, ফৌজদারি বলপ্রয়োগ, হুমকি ও মারধর) একটি মামলা দায়ের করেন।

রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত এই রাজনীতিকের অতীত ইতিহাসও বেশ সমালোচিত। শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী একাধিক কাণ্ডকারখানার জন্য বিএনপি থেকে জীবনে মোট ৫ বার বহিষ্কৃত হন তিনি। পরবর্তীতে সমস্ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।