বাংলাদেশ প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮ টা বাজার ৫ মিনিট আগেই সিটি কলেজ ভোট কেন্দ্রে আসেন আর ৮.০৩ মিনিটে তিনি ভোট প্রদান করেন।
নির্বাচনে জয়ের প্রত্যাশায় প্রার্থীরাও মুখিয়ে আছেন। যদিও শঙ্কার কথা জানিয়েছেন কেউ কেউ। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সমমনা জোটের পাশাপাশি নির্বাচনে অংশ নিয়েছেন স্বতন্ত্রপ্রার্থীরা। তবে, ভোটের মাঠে নেই বিএনপি ও তাদের সমমনারা। এমন এক নির্বাচনকে ঘিরে সারা দেশে দেখা গেছে পাল্টাপাল্টি অভিযোগ, মিলেছে সহিংসতার তথ্য, অনেকে সরে গেছেন নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে, আবার চলেছে হত্যাকাণ্ডও। এরইমধ্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতির কথা বলেছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও এই নির্বাচনকে অনেকে বলেছেন ‘একতরফা’।
এবারের নির্বাচনে সারা দেশের ৩০০ আসনের মধ্যে নির্বাচন হচ্ছে ২৯৯টি আসনে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী আমিনুল হকের মৃত্যুতে ওই আসনের নির্বাচন বাতিল করেছে ইসি। ফলে ২৮টি রাজনৈতিক দলের এক হাজার ৯৬৯ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সমমনা জোটের পাশাপাশি নির্বাচনে অংশ নিয়েছেন স্বতন্ত্রপ্রার্থীরা।
গত ১৫ নভেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরুর মাধ্যমে প্রস্তুতি শুরু করে। একইসঙ্গে স্বতন্ত্রপ্রার্থীরা নেন প্রস্তুতি। পরে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা শেষ হয় ৩০ নভেম্বর। এরপর যাচাই-বাছাই হয় ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর। এই যাচাই-বাছাইয়ে বাদ পড়া অনেক প্রার্থী যান হাইকোর্টে। আবার হাইকোর্টে প্রার্থিতা ফিরে না পেয়ে অনেকে দ্বারস্থ হন আপিল বিভাগে। সব মিলিয়ে আদলতের রায়ে অনেকে ফেরেন নির্বাচনি মাঠে।

