বিএনপির প্রার্থী তালিকায় আলোচিত হেভিওয়েট নেতার নাম নেই

0
বিএনপির প্রার্থী তালিকায় আলোচিত হেভিওয়েট নেতার নাম নেই

বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি দলের প্রাথমিক তালিকা। দল মনে করলে যেকোনো কারণে যেকোনো সংশোধনী আনতে পারে। তবে সেই তালিকায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ অনেক হেভিওয়েট নেতার নাম নেই। বাদ পড়েছেন যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরের নামও।

এছাড়াও মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিন কিংবা দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায়। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম, বাদ পড়েছেন তিনিও।